দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্যখাতে অবহেলা ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘যেখানেই অবহেলা ও দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি। ট্রান্সফার বা বদলিতে আমি বিশ্বাস করি না। সততার সঙ্গে কাজ করতে হবে। দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের কোনো প্রশ্রয় দেওয়া হবে না।’
শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে নতুনভাবে পরিচালনা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোর উন্নয়ন করা হবে। তিনি জানান, চলতি বছর থেকেই স্বাস্থ্যখাতে ব্যাপক সংস্কার কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
সরদার মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, চলতি বছর ৫০ শিক্ষার্থী নিয়ে নরসিংদী মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে নরসিংদী নার্সিং ইনস্টিটিউটে ক্লাস অনুষ্ঠিত হবে এবং নার্সিং ইনস্টিটিউটের ক্লাস ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের নতুন ভবনে স্থানান্তর করা হবে। মেডিকেল কলেজের জন্য শিগগিরই জমি নির্ধারণ করে স্থায়ী ভবন নির্মাণের কাজ শুরু করা হবে।
তিনি আরও জানান, চীনের সহযোগিতায় দেশে নির্মাণাধীন ১৮টি আধুনিক হাসপাতালের একটি নরসিংদীতে স্থাপনের পরিকল্পনা রয়েছে।
নরসিংদীর জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এমএম/